নিজেই পিপিই বানাচ্ছেন বুয়েট অধ্যাপক হেলালী
করোনার প্রকোপের মধ্যে পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে দেশজুড়ে। বিশেষ করে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের সব থেকে বেশি প্রয়োজন হলেও এখনো সবার হাতে পিপিই পৌঁছেনি বলে অভিযোগ আছে। পিপিই সংকটে অন্যান্য পেশাজীবীরাও। তবে অনেকে ব্যক্তিগতভাবেও পিপিই দ্বারা নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখার চেষ্টা করছেন।
এমনই একজন বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মাকসুদ হেলালী। তিনি পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য নিজেই সেলাই মেশিনে বসে পিপিই তৈরি করছেন এই অধ্যাপক। ইতিমধ্যে করোনা রোগী শনাক্ত হওয়ায় বুয়েটের একটি আবাসিক এলাকা লকডাউন করা হয়েছে। হেলালীও বুয়েটের আবাসিক এলাকার বাসিন্দা।
প্রয়োজন হলে আশপাশের বাসিন্দাদের জন্যও পিপিই তৈরি করে দেয়ার চিন্তা আছে বলে জানিয়েছেন বুয়েটের এই শিক্ষক। তার এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন।
রবিবার প্রবীণ শিক্ষক মাকসুদ হেলালীর নিজ হাতে পিপিই তৈরি ছবি বুয়েট শিক্ষার্থীদের ‘বুয়েটিয়ান’ নামের ফেসবুক গ্রুপে পোস্ট দেন একজন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
পোস্টে লেখা রয়েছে, নিচের ছবিতে যাকে দর্জির মতো পিপিই সেলাই করতে দেখছেন, তিনি আসলে দর্জি না, বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় প্রফেসর ড. মাকসুদ হেলালী স্যার। ছবিটা দেখেই স্যারের জন্য শ্রদ্ধা ও গর্বে বুকটা ভরে উঠলো। আল্লাহ পাক উনাকে আরও নেক হায়াত দান করুন।